*অশ্রুতে আঁকা আর্জি*
শাফকাত হান্নানা ইফফাত
কে জানে হায়,
কবে হৃদয় দুয়ার খোলে!
বিবশ আঁধার কাটিয়ে আবার আলোর পিদিম জ্বলে!
জীর্ণ ক্বলব হররোজ মাখামাখি হয় রা'আনের দাগে
দ্বিধার কদম টলায় আবার গতি ফিরে পায়,সফেদ আশা জাগে
ঠুলি পরা চোখে, ধুলিমাখা মুখে
লাগে বাতাসের ঝাপটা
কলুষিত মন আর্তি উঠায়
এবারের মতো বাঁচা প্রাণটা
খেয়ালী মনে বাজে অনুনাদ
রব্বানা জলামনা আ(ন-)ফুসানা..
জড়ানো মুখে আউড়ে চলি, ইয়া!আস সমাদ
ইহদিনা- ইহদিনা-
কে জানে হায়!
কবে জোড়া কদমের পথ ভুলে হাঁটা হবে মন্থর!
কে যানে কবে!
থমকাবে ঈষৎ আলো-ছায়া মাখা অন্তর!
বাতাসের সুরে কোথা যেন দূরে
রব ওঠে ফিসফাস
বেহিসেবী তুমি জুলুমের ভারে
রব্বের তরে হয়ো না নিরাশ
শ্রান্ত চোখে, ক্লান্ত মুখে
তুমি চেয়ে যাও ফিরদাউসের নীড়
নাজাতের দিনে ঠিক পাবে তুমি কবুলযোগ্য প্রার্থনাদের ভীড়
মাটির ধরায় খাড়া পাও বাঁধার দেয়াল
মাগফিরাতের দ্বারে আঁটে না খিল
সকরুণ অনুনয় এখানে রয়ে যায় আড়াল
অশ্রুতে আঁকা আর্জি ধূসরিত হয় না, রব্ব যে রহমদিল

Post a Comment